২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের বাড়িটি মওদুদের ভাইয়ের বলে দাবি

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের আইনজীবী দাবি করেছেন গুলশানের আলোচিত বাড়িটি তার নয়, বরং ভাই মঞ্জুর আহমেদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের আইনজীবী দাবি করেছেন গুলশানের আলোচিত বাড়িটি তার নয়, বরং ভাই মঞ্জুর আহমেদের। রোববার মওদুদ আহমেদের পক্ষে তার আইনজীবী ও তার জুনিয়র ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কথা বলেন। দুপুরে ব্যারিস্টার খোকন তার চেম্বারে এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫৯ নম্বর গুলশান এভিনিউর বাড়ির মালিকানা নিয়ে ২৪ জানুয়ারি থেকে সংবাদমাধ্যমে নানা 'কল্পকাহিনী' প্রচারিত হচ্ছে। তিনি বলেন, মওদুদ আহমেদ ও তার ভাই মঞ্জুর আহমেদ এর প্রতিবাদ জানাচ্ছেন। ক্ষমতাধরদের প্রত্যক্ষ মদদে একটি মহল মওদুদ আহমেদের সম্মানহানির উদ্দেশ্যে এ ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গুলশানের ওই বাড়ির প্লটটি ১৯৬৫ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তানী নাগরিকের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইঞ্জি ফ্ল্যাজ তৎকালীন ডিআইটি (বর্তমান রাজউক) থেকে বরাদ্দ পান। স্বাধীনতার পর ইঞ্জি ফ্ল্যাজ বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে মুক্ত করে তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আবেদন জানান। ১৯৮০ সালে নামমাত্র মূল্যে সরকার বাড়িটি ইঞ্জি ফ্ল্যাজকে বুঝিয়ে দেয়। এরপর মওদুদ আহমেদের প্রবাসী ভাই মঞ্জুর আহমেদ বাড়িটি ইঞ্জি ফ্ল্যাজের কাছ থেকে কিনে নেন বলে দাবি করেন ব্যারিস্টার খোকন। ব্যারিস্টার মওদুদ পারিবারিক সমঝোতার মাধ্যমে সেখানে বসবাস করছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৫৭.