২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পর্ণ সিডি তৈরির কারখানার সন্ধান লাভ, সিডি ও মেশিন আটক

সাভারের চাঁপাইন এলাকায় পর্ণ সিডি ও সিডি ডিস্ক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার রাতভর অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ পর্ণসিডি, সিডি তৈরির মেশিন। এ সময় সিডি তৈরি ও বাজারজাত করার অভিযোগে আক্তার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

সাভার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের চাঁপাইন এলাকায় পর্ণ সিডি ও সিডি ডিস্ক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার রাতভর অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ পর্ণসিডি, সিডি তৈরির মেশিন। এ সময় সিডি তৈরি ও বাজারজাত করার অভিযোগে আক্তার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে নামা গেন্ডা এলাকা থেকে হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় দুইজনকে। এরা হলেন- সুরুজ মিয়া (২৮), হেলাল উদ্দিন (৩৪)। এছাড়া রোববার সকালে ধামরাইয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ছানোয়ার হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা লে. কমান্ডার আরিফুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র পর্ণ সিডি তৈরি করে বাজারজাত করে আসছিল। এই চক্রটিকে ধরতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে র‌্যাবের দুটি দল সাভার পৌর এলাকায় রাতভর অভিযান চালায়। তিনি জানান, চাঁপাইন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামের ছেলে পর্ণসিডি প্রস্তুতকারক আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে সিডি ডিস্ক ও পর্ণ সিডি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে আটক করা হয় বিপুল পরিমাণ পর্ণ সিডি, কম্পিউটার, কপিরাইট মেশিন, সাউন্ড বক্স, সিডি তৈরির ১০টি মেশিন। রাত পৌনে ১১টার দিকে উপ-পরিদর্শক ওয়াদুদের নেতৃত্বে র‌্যাবের একটি দল পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে সুরুজ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় নুরু মিয়ার ছেলে হেরোইন ব্যবসায়ী সুরুজ মিয়া ও আবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন। রোববার সকাল ১০টার দিকে ধামরাইয়ের রথখোলা বাজারে অভিযান চালিয়ে আব্দুস সামাদের ছেলে মাদক ব্যবসায়ী ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল। এ ব্যাপারে সাভার থানায় ২টি ও ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.