ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৃত অসুস্থ না হয়েও কারাবন্দি ভিআইপিরা দিনের পর দিন হাসপাতালের প্রিজন সেলে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, দলের অনুসারী ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়মিত দেখা করার জন্য কৌশল হিসেবে তারা এ পথ বেছে নিয়েছেন।
কারা কর্মকর্তারা জানিয়েছেন, একাধিকবার উদ্যোগ নিয়েও তারা ওই বন্দিদের কারাগারে ফেরত আনতে পারছেন না। এজন্য চিকিৎসকদেরই দায়ী করছেন তারা। এদিকে ভিআইপি বন্দিরা হাসপাতালের প্রিজন সেল পূর্ণ করে রাখায় প্রকৃত অসুস্থ কারাবন্দিদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ এসেছে।
কারা মহা-পরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের প্রিজন সেলে বর্তমানে ১৯ জন রোগী রয়েছেন। এদের মধ্যে পাঁচ জন প্রকৃত অসুস্থ। বাকিরা বয়সজনিত ছোটখাট সমস্যায় ভুগছেন। এদের অবস্থা হাসপাতালে ভর্তি থাকার মতো নয়।
তবে কারা প্রকৃত অসুস্থ এবং কাদের অসুস্থতা গুরুতর নয়, সে তথ্য তিনি প্রকাশ করেননি।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১২টি প্রিজন সেল রয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, "সেলের সঙ্কট থাকায় ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় কারাবন্দি রোগীদের রাখা হচ্ছে। এ ধরনের রোগীর কারণে প্রকৃত অসুস্থ রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।"
তিনি বলেন, "দেশের বিভিন্ন কারাগার থেকে সঙ্কটাপন্ন রোগীদের ঢাকায় পাঠানো হয়। কিন্তু প্রিজন সেল সঙ্কটের কারণে তাদের যথাযথ চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে।"
জাকির হাসান বলেন, "দেখে সুস্থ মনে হচ্ছে, এমন রোগীদের কারাগারে ফেরত আনতে কারা কর্মকর্তারা একাধিকবার হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা বলেছেন, রোগীদের সমস্যা রয়েছে। যে কারণে ওই বন্দিদের কারাগারে ফেরত আনা যাচ্ছে না।"
প্রকৃত অসুস্থ না হয়েও প্রিজন সেলে থাকার অভিযোগের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিএসএমএমইউ হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহির উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কারা কর্মকর্তা ও চিকিৎসক বলেছেন, ওই সব ভিআইপি বন্দিরা হাসপাতালে থেকে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং নিজ নিজ দলের সমর্থকদের সঙ্গে নিয়মিত দেখা এবং কথা বলার সুযোগ পাচ্ছেন। কারাগারে থাকলে তারা নিয়মিত এ সুযোগ পেতেন না। তাই অসুস্থতার দোহাই দিয়ে কৌশলে তারা হাসপাতালে থাকার ব্যবস্থা করেছেন।
তারা আরও জানান, পাঁচ জন ছাড়া ভিআইপি বন্দিদের প্রায় সবাই দাঁতের চিকিৎসা নিচ্ছেন। দাঁতের চিকিৎসা তুলনামূলক দীর্ঘ মেয়াদী হওয়ায় তারা এ কৌশল খাটাচ্ছেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতিবিরোধী অভিযানে সাবেক মন্ত্রী, এমপি, আমলা এবং ব্যবসায়ী গ্রেপ্তার হন। বিভিন্ন মামলার আসামি হয়ে তারা কারাগারে রয়েছেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থতার জন্য পিজি হাসপাতাল এবং বেসরকারি হাসাপাতালে কারাবন্দি হিসেবে চিকিৎসা নিচ্ছেন।
কারা কর্মকর্তারা জানান, বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে থাকা উল্লেখযোগ্য বন্দিরা হচ্ছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর, অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ ফজলুল করীম সেলিম ও লোটাস কামাল, বিএনপি নেতা তরিকুল ইসলাম, লুৎফুজ্জামান বাবর, হান্নান শাহ, এম এ হাশেম, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আমজাদ হোসেন সরকার, আরাফাত রহমান কোকো, জামায়াতে ইসলামী নেতা মিজানুর রহমান, ব্যবসায়ী আতিকুল্লাহ খান মাসুদ, এনায়েতুর রহমান বাপ্পী এবং মানবাধিকার নেত্রী সিগমা হুদা। কারাবন্দি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে চিকিৎসা দেওয়া হচ্ছে ল্যাবএইড হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমআই/এমএ/১৫৪৯ঘ.
bdnews24