ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের জন্য নিজের প্রস্তুত থাকার কথা উল্লেখ করে বলেছেন, "একেবারেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিলাম। নিজের পরিকল্পনাও ঠিক করেছিলাম। কিন্তু কপালে হলো না। তবে এ জন্য দুঃখ হয় না।"
শনিবার সকালে গুলশান এক নম্বরে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কেও তিনি এ সময় প্রথমবারের মতো কিছু মন্তব্য করেন। তিনি বলেন, দেশ চালাতে গেলে কিছু ভুল হতেই পারে। তবে আশার কথা, তত্ত্বাবধায়ক সরকার সে ভুলগুলো শুধরে নিচ্ছে।
তিনি আরো বলেন, দেশে সঠিক সময়ে নির্বাচন হবে এটাই জনগণের প্রত্যাশা। বাংলাদেশের ইতিহাস হচ্ছে, জনগণ যা চায় তাই হয়। এক্ষেত্রেও জনগণ যা চাইবে তাই হবে। তবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে যে কারোরই আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২০০৬ সালের অক্টোবরে বিচারপতি কেএম হাসানের শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রবল আন্দোলনের কারণে সর্বশেষ উদ্ভুত পরিস্থিতিতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অস্বীকৃতি জানান।
রাষ্ট্রপতিকে এই অস্বীকৃতির কথা জানানোর পর বিচারপতি কেএম হাসান ২০০৬ সালের ২৮ অক্টোবর এক বিবৃতি দেন। তার এই বিবৃতি দেওয়ার ঠিক এক বছর ৩ মাস পর তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তিনি মুখ খুললেন। তাকে প্রধান উপদেষ্টা করা নিয়ে বিতর্ক ওঠার পর দীর্ঘদিন তিনি নিভৃতে ছিলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর দেওয়া বিবৃতিতে বিচারপতি কেএম হাসান বলেছিলেন, "জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই সাংবিধানিকভাবে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে সম্মত ছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে বিরাজমান অবিশ্বাস ও দ্বন্দ্বের কারণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়টি একটি নাজুক অবস্থায় উপনীত হয়েছে।"
মানবাধিকার সংগঠন অধিকার ও অ্যাকশন এইডের যৌথ উদ্যোগে এসিড আক্রমণ ও ধর্ষণ প্রতিরোধ শীর্ষক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান । নিউ এজ সম্পাদক ও অধিকারের উপদেষ্টা নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, পুলিশের অতিরিক্ত আইজি এন বি কে ত্রিপুরা, অ্যাকশন এইডের আবাসিক পরিচালক ফারাহ কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের নির্বাহী পরিষদের সদস্য ড. সায়রা রহমান খান। পরে দুটি পর্বে অনুষ্ঠিত ওয়ার্কিং সেশনে পুলিশের সাবেক আইজি নুরুল হুদা, সিনিয়র আইনজীবী খান সাইফুর রহমান, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, এপির ফরিদ আহমেদ, প্রথম আলোর আবদুল কাইয়ুম, মহিলা আওয়ামী লীগের ডা. দিপু মণি, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সোহেল মল্লিক বক্তৃতা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিচারপতি কেএম সাহান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ শাসন করা খুবই কঠিন। প্রত্যেক মানুষের আলাদা আলাদা মত রয়েছে। নানা রকম সমস্যা রয়েছে আমাদের। তারপরও ঠিক পথে যেতে পারলে সমস্যা সমাধান করা সম্ভব।
সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধাবাধ্যকতা আছে কি-না, থাকলে সংবিধান লঙ্ঘিত হচ্ছে কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে সেটাই দেশের জনগণ আশা করে। সরকারও বলছে, সঠিক সময়ে নির্বাচন হবে। তবে এ নিয়ে কেউ আদালতে যেতেও পারেন, না-ও পারেন। আদালতে গেলে আদালত সিদ্ধান্ত দেবে।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, যে পরিস্থিতিতে দেশের এই অবস্থা হয়েছে তা হয়তো দরকার ছিল। আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য করেন। তবে দেশে চালাতে গেলে কিছু ভুল হতেই পারে। মানুষ মাত্রেরই হয়। আমি সরকারে গেলেও হয়তো ভুল করতাম। তবে আশার কথা, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ভুলগুলো শুধরে নিচ্ছে। তিনি বলেন, দেশের মঙ্গলের জন্য এই সরকার কাজ করবে এটাই আশা করি। দেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
এর আগে তিনি অ্যাডভোকেসি সভায় এসিড সন্ত্রাস ও ধর্ষণ প্রতিরোধে পুলিশ, বিচার বিভাগ, আইনজীবীসহ সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, এই জঘন্যতম অপরাধে জড়িতরা যেন বিনা শাস্তিতে বেরিয়ে যেতে না পারে তা সবাইকে নিশ্চিত করতে হবে। তিনি আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারের আগে যথাযথভাবে তদন্ত করার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান।
অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, আইনের অপপ্রয়োগের কারণে মিথ্যা মামলা, উদ্দেশ্যপ্রণোদিত মামলা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা উচিত নয়।
সভাপতির বক্তব্যে নুরুল কবির বলেন, জরুরি অবস্থার কারণে নারী নির্যাতনের সঠিক চিত্র ও পরিসংখ্যান পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হচ্ছে না। বর্তমান প্রকাশিত তথ্যকে সঠিক ধরলে তা ভুল হবে। অন্য বক্তারা এসিড সন্ত্রাসী ও ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/১২০৭ঘ.
bdnews24