ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুদিনের মতোই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠাণ্ডা হাওয়া নিয়েই শুরু হয়েছিলো রোববারের। তবে দুপুর গড়াতেই সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি না থাকলেও ঠাণ্ডা হাওয়া বইছে এখনও। আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েকদিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে সাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতিরও কিছুটা উন্নতি হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। সেখানে বৃষ্টিপাত কমছে।
আবহাওয়া অধিদপ্তর কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘ কেটে গেলেও মৃদু শীত আরও দুই-একদিন থাকবে। এছাড়া আগামী দু'তিন দিনের মধ্যে আরেকটি শৈত্য প্রবাহও বয়ে যেতে পারে।
দুদিনের গুমোট আবহাওয়ার পর রোববার দিনের শুরুতে আগের পরিস্থিতি দেখে নগরবাসী হতাশ হলেও সূর্য ওঠার পর অনেকেই বের হন প্রয়োজনীয় কাজ সারতে। গত দুদিন ছুটির দিন হওয়ায় রোববার সকাল থেকে রাস্তায় গাড়ির সংখ্যাও ছিল স্বাভাবিকের মতোই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, রোববার সকালে দিনের শুরুতে কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে অফিসগামী ও নিম্ন আয়ের লোকজন জীবিকার তাগিদে বেরিয়ে পড়ে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। সেখানে দুপুরের পর সূর্যের দেখা মেলে, তবে আকাশ মেঘলা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শামীম আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিমা লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার ও ছোট ছোট নৌ যানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
চট্টগ্রামে রোববার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। রোববার সকাল ৯টায় নগরীর তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসআরডি/এমআই/১৩১২ ঘ.
bdnews24