২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে রাজধানীর উদয়ন স্কুলে ছাত্র ভর্তি করার চেষ্টার অভিযোগে শনিবার একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে রাজধানীর উদয়ন স্কুলে ছাত্র ভর্তি করার চেষ্টার অভিযোগে শনিবার একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শাহবাগ থানার উপ পরিদর্শক আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব- ৩ এর সদস্যরা নীপা চৌধুরী নামে এক গৃহবধূকে গ্রেপ্তারের পর বিকেল সাড়ে ৪টার দিকে থানায় দিয়ে গেছে। তার বিরুদ্ধে উদয়ন স্কুলের অধ্যক্ষ খালেদা হাবিব প্রতারণার মামলা করেছেন। অধ্যক্ষ খালেদা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন ধরে এক মহিলা টেলিফোনে নিজেকে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে দুজন ছাত্র ভর্তির অনুরোধ করছিলেন। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ওই দুই ছাত্রকে ভর্তির জন্য ঘন ঘন টেলিফোন করায় স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খালেদা হাবিব বলেন, "প্রথমে কর্নেল তুহিন নামের একজন ফোন করে বলেন, সেনাবাহিনীর প্রধানের স্ত্রী কথা বলবেন। এরপর সেনাপ্রধানের স্ত্রী পরিচয়ে যিনি কথা বলতেন তার কণ্ঠ কথিত কর্নেল তুহিনের কণ্ঠের মতোই মনে হতো। সন্দেহ হওয়ায় কৌশলে ওই মহিলার টেলিফোন নম্বর নেওয়া হয়। ঘটনাটি র‌্যাব- ৩ কে জানানো হলে একজন কর্মকর্তা স্কুলে এসে তদন্ত শুরু করেন। তারা কয়েকদিন ধরে টেলিফোনের বক্তব্য রের্কড করেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।" র‌্যাব- ৩ অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী জানান, শনিবার সকালে অধ্যক্ষকে দিয়ে ওই মহিলাকে টেলিফোন করা হয়। ছাত্র ভর্তির ব্যাপারে স্কুলে আসা জরুরি বলে জানানো হয় তাকে। টেলিফোন পেয়ে দ্রুত স্কুলে এলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। সুলতান মোহাম্মদ নূরানী বলেন, গ্রেপ্তার হওয়া নীপা চৌধুরীর স্বামীর নাম ফজলুল করিম চৌধুরী। লালবাগ থানা এলাকার আজিমপুরের ১৯/১ বি নম্বর শেখসাহেব বাজারে তার বাসা। প্রথমে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। কিন্তু ছেলে ভর্তির প্রতিশ্র"তি দিয়ে যাদের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন তাদের একজনকে হাজির করা হলে নীপা কোনো সদুত্তর দিতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/১৯০৩ ঘ.