২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম কামরানের বিরুদ্ধে বাড়ি দখলের মামলা খারিজ

ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে ফারহানা ইসলামের দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত না হওয়ার রিপোর্ট দেওয়ায় আদালত গত ১৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারী ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে ফারহানা ইসলামের দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত না হওয়ার রিপোর্ট দেওয়ায় আদালত গত ১৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুক্রবার আদালতের এই রায়টি জানতে পেরেছে। অধ্যাপক ড. মাহবুব উল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম ২০০৭ সালের ১৪ নভেম্বর আদালতে মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও তার স্বামী নাজিম কামরান চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম গুলশান-২ এর ৪১ নম্বর সড়কে তাদের বাড়ির ভাড়াটিয়া। কিন্তু ভাড়ার মেয়াদশেষ হওয়ার পরও ভবনটি দখলে রেখেছেন আসামিরা। আরও অভিযোগ করা হয়, ২২ অক্টোবর বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মামলার আসামিরা বাড়িটিতে ব্যবহারের জন্য একটি জেনারেটর নিয়ে আসে। বাড়িওয়ালার বাধার মুখে ফটক দিয়ে জেনারেটরটি জোর করে ঢোকানোর সময় মামলার আসামিরা ফারহানা ইসলামের শাড়ি ধরে টানাটানি করেন। তারা ফারহানা ইসলামকে মারধরও করেন। আদালত মামলাটি তদন্ত করার জন্য গুলশান থানাকে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে থানার সাব ইন্সপেক্টর মো. শরীফ উদ্দিন ভুইয়া তদন্ত শেষে গত বছরের ৩ ডিসেম্বর আদালতের কাছে রিপোর্ট পেশ করেন। তদন্ত কর্মকর্তা রিপোর্টে জানান, মামলার সাক্ষীদের না পেয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের চিঠি দেওয়ার পরও হাজির হননি। অপরাধের কোন প্রমাণ পাওয়া যায়নি এবং মামলার বাদি কোন সাক্ষ্যপ্রমাণও হাজির করতে পারেননি। মামলার অন্যতম আসামি আবু রুশদ তারেক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আদালতের রায় প্রসঙ্গে বলেন, "নিরপেক্ষ তদন্ত হওয়ায় প্রমাণ হয়েছে এ ধরনের ঘটনা সেদিন ঘটেনি।" তারেক গীতিআরা সাফিয়া চৌধুরীর ভাই এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম এর অন্যতম পরিচালক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমএইচবি/২১২৯ ঘ.