চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের বলেছেন, মোটা তারের অবলম্বন দিয়ে (কেব্ল স্টেইড) তৃতীয় কর্ণফুলী সেতু তৈরির ফলে নদীর নাব্যতার কোন সমস্যা হবে না। এতে চট্টগ্রাম বন্দরে পলি জমার সুযোগও কম।
তিনি শুক্রবার বিকালে কর্ণফুলী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
পুরোপুরি পিলার সেতু না হওয়ায় এটি নির্মাণে কর্ণফুলী নদীর নাব্যতায় কোন ব্যাঘাত ঘটবে না উল্লেখ করে যোগাযোগ উপদেষ্টা বলেন, " কেব্ল স্টেইড টাইপড (মোটা তার দিয়ে নির্মিত) হওয়ায় এই সেতু নির্মাণ কারিগরি ও আর্থিক দুই দিক দিয়েই লাভজনক।"
পরিদর্শনকালে প্রকল্পের পরিচালক মোক্তাদির বেলাল উপদেষ্টাকে জানিয়েছেন সেতুর সার্বিক ভৌত কাজের ৩৫.৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্প পরিচালক বলেন, নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে।
এ সময় যোগাযোগ উপদেষ্টা সেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সেতু হলে চট্টগ্রামের মানুষের ব্যাপক উপকার হবে।
পরিদর্শন শেষে যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পলি জমা রোধে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের পরপরই শাহ আমানত সেতু সরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, বন্দরে নাব্যতা বজায় রাখা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়মিত কাজ। এজন্য বন্দরের খনন (ড্রেজিং) কাজ নিয়মিত চালু রাখতে আলাদা অর্থ বরাদ্দ রয়েছে।
প্রকল্প পরিচালক মোক্তাদির বেলাল জানান, মূল সেতুর চারটি পিলারের নিচে ১৬টি পাইলের মধ্যে ১২টির নির্মাণ কাজ শেষ হয়েছে।
এছাড়া সংযোগ সড়কের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের জন্য ৬ দশমিক ৭০ হেক্টর ভূমি স্থায়ীভাবে এবং সাড়ে তিন হেক্টর অস্থায়ী ভিত্তিতে অধিগ্রহণ করা হয়েছে।
তৃতীয় কর্ণফুলী সেতু নিয়ে নানা রাজনৈতিক বির্তকের পর ২০০৬ সালের আগস্ট মাসে পৌনে চার'শ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24