চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমস হাউসে বৃহস্পতিবার বিকেলে আরও এক সিঅ্যান্ডএফ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এর আগে সকালে ঘুষ দেওয়া-নেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং সিঅ্যান্ডএফ কর্মচারি শাহজাদা মো. শরীফকে যৌথ বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে।
বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, বিকেল ৪টার দিকে কাস্টমসের রপ্তানি শাখার অফিস সহকারী আতাউর রহমানকে এক হাজার টাকা ঘুষ দেওয়ার সময় কোস্টাল ট্রেডিং করপোরেশন নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু সাত্তারকে হাতে নাতে আটক করেছে যৌথ বাহিনী।
তিনি জানান, যৌথ বাহিনীর সদস্যরা সন্ধ্যায় তাকে বন্দর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
যৌথ বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ঘুষ দেওয়ার সময় আবু সাত্তারকে আটক করা হয়। সে সময় ঘুষগ্রহীতা কাস্টমসের অফিস সহকারী আতাউর রহমান পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24