গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের জীবন, কর্ম নিয়ে আলোচনা ও গানের মধ্য দিয়ে বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার অচিনপুরে শেষ হলো দুই দিনব্যাপী পৌষপূর্ণিমা সাধুসঙ্গ।
সাঁইজীর জ্ঞান সুধায় সিক্ত হওয়ার আশায় কুষ্টিয়াসহ সারাদেশ থেকে অগণিত লালনভক্ত জড়ো হন অচিনপুরের সুইস এগ্রো কমপ্লেক্সে। সুইস এগ্রো ও লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যায় সুইস এগ্রোর চারদিকে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অভ্যাগতদের স্বাগত জানানো হয়। লেকের মাঝখানে মাটির ঢিবিতে তৈরি মঞ্চে একে একে আসন নেন শিল্পী, সাধক ও ভক্ত অনুসারীরা।
নানা ধরনের লোকজ গানের যন্ত্র বাজিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। গানের ফাঁকে ফাঁকে সাঁইজীর জীবনাদর্শন, আধ্যাত্মবাদ, ফকিরবাদ নিয়ে আলোচনা হয়।
গান পরিবেশন করেন কুষ্টিয়ার লালন আখড়া থেকে আগত আব্দুর রব শাহ, মহির শাহ, মহরম শাহ, শামসুল শাহ, বুড়ি ফকিরাণী, ছোট ফকির, ফকির রাজ্জাক, তকবির হোসেন শাহ, আলাউদ্দিন শাহ ও রিংকু।
শীতের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত টানা অনুষ্ঠান চলে। বুধবার ভোর ৬টায় গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে গুরুকর্ম, বাল্যসেবা, পূর্ণ সেবা কর্মসূচির মাধ্যমে বিকালে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক উলফাত কাদের জানান, অচিনপুরে এ ধরনের বড় অনুষ্ঠান এবারই প্রথম। তবে এখন থেকে প্রতি বছরই এ অনুষ্ঠান চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24