বরিশাল, জানুয়ারী ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে হিজলা উপজেলার মেঘনা নদী থেকে দু'টি সাম্পান বোঝাই সার আটকের ঘটনায় করা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ আজ মঙ্গলবার ওই মামলা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।
মূল পাচারকারিদের বাদ দিয়ে দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
একইসঙ্গে এ মামলার অভিযোগপত্রভূক্ত ১৭ জন আসামিকে নিয়মিতভাবে আদালতে হাজিরা দেওয়ার জন্য ওই আদেশে বলা হয়েছে।
২০০৫ সালের ২৫ অক্টোবর বেলা ১১ টার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় দু'টি সাম্পান বোঝাই ৩'শ ৪৫ মেট্রিকটন ইউরিয়া সার স্থানীরা মেঘনা থেকে আটক করে।
এই ঘটনায় ওই বছর ৩০ অক্টোবর হিজলা-গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফফার তালুকদার বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান ২০০৬ সালের ৮ মে দু'টি সাম্পানের ১৭ মাঝিমাল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌসুলি বা পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর্জা সালাহউদ্দিন বাবুল চলতি বছরের ৬ জানুয়ারি অভিযোগপত্রের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপত্তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24