ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তিন শিক্ষককে দণ্ড দিয়ে ঢাবি শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা ৫৪ নম্বর মামলার রায় মঙ্গলবার প্রত্যাখ্যান করেছেন গোলাপী ও নীল দলের শিক্ষকরা । তারা বর্তমান সময়কে 'বিশ্ববিদ্যালয়ের দুর্দিন' হিসাবে উল্লেখ করে সকল স্তরের জনগণকে পাশে দাঁড়ানোর আহবান জানান।
মঙ্গলবার বেলা ১২টার দিকে গোলাপী এবং নীল দলের ১৫-২০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বটতলা এসে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "এই রায়ে আমরা আহত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্দিন চলছে।"
এর আগে ১৯৬৯, '৭১ এবং '৯০তে এধরনের পরিস্থিতিতে আপামর জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে সেই একইভাবে এবারও সকল স্তরের জনগণকে পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।
মুনতাসীর মামুন আরও বলেন, "অন্যায়ের প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যের পথ ধরে স্বাধীনতা এসেছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ..আমাদের শিক্ষকরা এভাবে মুক্তি পেতে চাননা। এটা সন্মানজনক মুক্তি নয়।"
অধ্যাপক মেজবাহ কামাল বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা চুরি বা ডাকাতি করেননি। বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছেন।..এ রায় সম্মানজনক হয়নি। তাই ঐতিহাসিক বটতলায় এসে প্রতিবাদ জানাচ্ছি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছে মন্তব্য করে অধ্যাপক আবদুস সামাদ বলেন, "সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে। আইনকে নিজের গতিতে চলতে দেয়া হচ্ছেনা। আগামীকাল ঐতিহাসিক বটমূলে যে সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে সেখান থেকে এর প্রতিবাদ জানানো হবে।"
তিনি আরও বলেন, শিক্ষকরা কোন অন্যায় করেননি। তাই তাদের মাফ করার কোন প্রশ্নই আসেনা ।
সামাজিক বিজ্ঞানের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমি রায় শুনেছি। এই রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিরূপ মনোভাব প্রমাণিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
আরেফিন সিদ্দিক জানান, তারা একটি বৈঠকে বসে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/আরএ/এএইচডি/এসকে/১৩৩২ঘ.
bdnews24