চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র সমাজের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনে বাধা দিয়েছে প্রশাসন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কালো ব্যাজ ধারণ করা ২৫ জন শিক্ষার্থীর পরিচয়পত্র কেড়ে নেয় এবং কর্মসূচি পালন করতে পারবে না বলে শিক্ষার্থীদের প্রতি হুঁশিয়ারি দেয়। পরবর্তী সময়ে আন্দোলনকারীদের চাপের মুখে প্রশাসন শিক্ষার্থীদের পরিচয়পত্র ফেরত দেয়।
আন্দোলনকারীদের পক্ষে প্রবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের বাধা সত্ত্বেও প্রতিবাদী ছাত্র সমাজ মঙ্গলবার চবি রেল স্টেশনে মানববন্ধন, ২৩ জানুয়ারি এক ঘণ্টা ক্লাশ বর্জন ও মৌন মিছিল কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, এ সময়ের মধ্যে ছাত্র বিক্ষোভের ঘটনায় চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে ধারাবাহিক কর্মসূচি দেয়া হবে।
কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না তা পরখ করতেই পরিচয়পত্র নেওয়া হয়েছিল। পরে তাদের পরিচয়পত্র ফেরত দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকেই প্রতিবাদী ছাত্র সমাজের ডাকা এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা সমর্থন জানায় এবং কালো ব্যাজ ধারণ করে।
প্রতিবাদী ছাত্রসমাজের পক্ষে বাসুদেব নাথ বলেন, ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতন বিরোধী ছাত্র সমাজের ডাকা দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং গত ২২ আগস্টের ঘটনায় চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ আন্দোলনের ডাক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএআর/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24