ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টাদের সম্পত্তির খোঁজখবর নেয়া হচ্ছে বলে নানান গুঞ্জন থাকলেও তার সত্যতা অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল হানিফ ইকবাল এ অভিযোগ অস্বীকার করে সোমবার বলেছেন, পদত্যাগী উপদেষ্টাদের সম্পত্তির হিসাব সম্পর্কে এখন পর্যন্ত কমিশনের সভায় কোন আলোচনা বা সিদ্ধান্ত নেয়া হয়নি।
কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা পদত্যাগী উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে সম্পত্তির খোঁজখবর নেয়া হচ্ছে বলে চালু গুঞ্জন সম্পর্কে কর্নেল হানিফ ইকবালের কাছে জানতে চান। তিনি বিষয়টি সত্য নয় জানিয়ে বলেন, "কমিশন এখনো এ বিষয়ে কিছু ভাবছে না।"
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাটকো দুর্নীতির মামলার বিষয়ে এখনো তদন্ত চলছে। তবে এ মামলায় উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই।
মহাপরিচালক জানান, কমিশন দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও দিকনির্দেশনা দিচ্ছে। ইতোমধ্যে রাজশাহী বিভাগের ১৬ জেলার প্রতিনিধিদের দিকনির্দেশনা দেয়া হয়েছে। তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। কর্নেল ইকবাল বলেন, তাদের মাধ্যমে সাধারণ মানুষ দুর্নীতি সম্পর্কে অবহিত হচ্ছে এবং সচেতনতা বাড়ছে।
এ পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সিলেট বিভাগের চারটি জেলার ২৪২ জন প্রতিনিধিকে ঢাকায় আহ্বান করা হয়েছে। তাদের কমিশনের দুর্নীতি বিরোধী অভিযান এবং কর্ম-পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হবে। একইসঙ্গে কমিশনও তাদের বক্তব্য ও সমস্যা সম্পর্কে অবহিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৫ঘ.
bdnews24