ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে যাওয়া র্যাবের একটি দল রোববার কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৮টি দেশে তৈরি এলজি, ৬ রাউন্ড রাইফেলের গুলি এবং ৩ রাউন্ড শটগানের কার্তুজ।
ঢাকায় র্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহেশখালীর পকিরাগোনা গ্রামে একটি সন্ত্রাসী দলের অবস্থান করার খবর পেয়ে ঢাকা থেকে র্যাব-৩ এর একটি দল রোববার মহেশখালী যায়। ওইদিনই দুপুরে অস্ত্র ক্রেতার বেশে র্যাবের দলটি পকিরাগোনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জনকে আটক করে। আটকরা হলো বশির আহম্মেদ (৪৭) এবং জজনূর হোসেন (২১)।
অভিযানে অংশ নেওয়া র্যাবের এক কর্মকর্তা জানান, মহেশখালী এলাকায় অস্ত্রের কারখানা রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সেখানে রোববার রাতেই আবারো অভিযান চালানো হবে। এছাড়া রোববারের অভিযানে বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও 'কৌশলগত কারণে' এ ব্যাপারে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/০০৪০ঘ.
bdnews24