চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর নৌ পুলিশ শহরের পুরান বাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে রোববার পাঁচ শতাধিক বস্তা ইউরিয়া সারসহ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে বাবুল খাঁ (৪২), সালামত (৪৭), মো. শহীদ (৬০) ও মো. অলি আহাম্মদ (৩৫)।
চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মুসলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে গোপনে সংবাদ পেয়ে নৌ পুলিশ মেঘনা নদীতে ভাইভাই-৪ নামের একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে পাঁচ শতাধিক বস্তা ইউরিয়া সারসহ চারজনকে আটক করে।
উপ পরিদর্শক মুসলিম মিয়া বলেন, আটককৃতরা পুলিশকে জানিয়েছে চাঁদপুর শহরের ৫ নং ঘাট এলাকা থেকে জাহাঙ্গীর চোকদার নামের এক ব্যক্তি সারগুলো ট্রলারে উঠিয়ে দেয়। তারা জানায় এগুলো হাইমচর নিয়ে যাওয়া হচ্ছিল।
মুসলিম মিয়া বলেন, সারগুলো পাচার করা হচ্ছিল বলে তারা সন্দেহ করছেন। ওই সারের কোনো কাগজ বাহকরা দেখাতে পারেনি।
সার ও আটক ব্যক্তিরা এখন ফাঁড়ির পুলিশ হেফাজতে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৪৬ঘ.
bdnews24