বরিশাল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর গীর্জমহল্লা রোডে ভূইয়া মার্কেটের একটি মোবাইল ফোন সেটের দোকানে শনিবার গভীর রাতে চুরি হয়েছে। দোকানের মালিক পক্ষ দাবি করেছে অর্ধ শতাধিক মোবাইল সেট চুরি হয়েছে।
চুরির ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সংঘবদ্ধ চোরের দল শনিবার গভীর রাতে মোবাইল ডটকম নামের ওই দোকানে হানা দেয়।
তারা ওই দোকানের পিছনের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে অর্ধ শতাধিক মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
রোববার সকাল ১০ টার দিকে কর্মচারিরা দোকান খুলে মালামাল না দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে দোকানের দেয়াল ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। দোকানের মালিক ঘটনাস্থলে না থাকায় কত টাকার মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি।
সহকারী পুলিশ কমিশনার (এসি) হায়াতুল ইসলাম জানান, এ ব্যাপারে দুপুর পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24