২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, বিভিন্ন ঘাটে যানজট

ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে শনিবার রাতে ফেরি চলাচল ব্যাহত হয়। এর ফলে ঘাটগুলোতে দেখা দিয়েছে যানজট। তবে কুয়াশা কেটে যাওয়ার পর রোববার সকালে সব ঘাটেই ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে শনিবার রাতে ফেরি চলাচল ব্যাহত হয়। এর ফলে ঘাটগুলোতে দেখা দিয়েছে যানজট। তবে কুয়াশা কেটে যাওয়ার পর রোববার সকালে সব ঘাটেই ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শনিবার রাতে তিন ঘণ্টা বন্ধ ছিল। তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। বিআইডব্লিওটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, কুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ রুটে ফেরি চলেনি। এমভি শাহ আলী, এমভি রায়পুরা ও এমভি করবী নামে তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করে ছিল। সাড়ে চারটার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাটে শতাধিক আটকা পড়ে। সকালে ফেরি চলাচল স্বাভাবিক হলেও দুপুর পর্যন্ত যানজট কমেনি। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এর ফলে পাটুরিয়া ও দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় পাটুরিয়া প্রান্তে রয়েছে। বিআইডব্লিওটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার রোববার দুপুরে জানান, কুয়াশার কারণে রাত ৩টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত এ রুটে ফেরি চলেনি। সকাল সাড়ে আটটার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। ১০টি ফেরি এ রুটে এখন গাড়ি পারাপার করছে। রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। পণ্যবাহী ৬০০টি ট্রাক বর্তমানে পারাপারের অপেক্ষায় পাটুরিয়ায় রয়েছে বলে গোপাল মজুমদার জানান। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোতে পার করা হচ্ছে। ফলে পণ্যবাহী ট্রাকগুলোকে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। পাটুরিয়ায় আটকে থাকা ৬০০ ট্রাকের মধ্যে ৪০০টি শুক্রবার ঘাটে ভিড়ে বলে গোপাল মজুমদার জানান। এদিকে ট্রাক শ্রমিকরা অভিযোগ করেছেন, ঘাট কর্মচারীরা ঘুষ নিয়ে সিরিয়াল ভেঙে বিভিন্ন ট্রাককে আগে পার করে দিচ্ছে। এ নিয়ে রোববার সকালে ঘাটে বিক্ষোভও করেছে তারা। বিআইডব্লিওটিসি কর্মকর্তা গোপাল মজুমদার এ বিষয়ে বলেন, এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ার অপর পাড় দৌলতদিয়ায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজবাড়ি প্রতিনিধি জানিয়েছেন। তিনি জানান, দৌলতদিয়া প্রান্তে রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এর অধিকাংশই পণ্যবাহী ট্রাক। ঘাট ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার বলেন, কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যান জট কমাতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২১ ঘ.