জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বাংলা নাটকের প্রথাগত রীতি ভেঙ্গে নতুন আঙ্গিক দিয়েছেন সেলিম আল দীন। তার নাটকে উঠে এসেছে দেশ, সমাজ, ঐতিহ্য ও আবহমান বাংলার রূপরেখা। সদ্য প্রয়াত এ নাট্যজনের সৃষ্টিকর্ম সমকালকে ছাড়িয়ে চিরকালের মহিমায় ভাস্বর হয়ে থাকবে।
বরেণ্য নাট্যকার সেলিম আল দীন স্মরণে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আয়োজিত পৃথক শোক সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী বলেন, "সেলিম আজ প্রয়াত। সংস্কৃতি অঙ্গনে তার অভাব অপূরণীয়। অনন্য এ নাট্যব্যক্তিত্বের জ্ঞানের আলো নাট্যজগতকে আলোকিত করে রাখবে।"
বিশ্ব নাট্যসাহিত্যে প্রয়াত এই নাট্যকারের শিল্পরীতি স্থান করে নেবে এ মন্তব্য করে তিনি আরও বলেন, তার জীবনদর্শন, চিন্তা, চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে বর্তমান প্রজম্মকে এগিয়ে আসতে হবে।
উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, "বাংলা নাটক হাজার বছরের পুরনো তা সেলিম আল দীন আবিস্কার করেছেন। শিক্ষার্থীরা তার মৌলিক রচনা থেকে বাংলা নাটককে সমৃদ্ধ করতে অনেক উপাদান পাবে। তার রচনা নাট্যকর্মীদের পাথেয় হয়ে থাকবে। প্রয়াত নাট্যকার বিশ্বনাট্য কেন্দ্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছেন তা এগিয়ে নেওয়ার জন্য তিনি সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল হাই, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মুজমদার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক নাসিরউদ্দিন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ, সভাপতি সানোয়ার হোসেন এবং শিক্ষার্থী জহির বিশ্বাস ও আমিনূর রহমান রাসেল।
এছাড়া সভায় শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের নাম সেলিম আল দীন মুক্তমঞ্চ এবং পরিবারের পক্ষ থেকে তার নামে বিশ্ববিদ্যালয়ে একটি হল স্থাপনের প্রস্তাব করে। উপাচার্য পরবর্তী সিন্ডিকেট বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করবেন বলে জানান।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অধ্যাপক সেলিম আল দীন চেয়ার পদ সৃষ্টি এবং ক্যাম্পাসে তার ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24