ঝিনাইদহ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার ভোরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের বাফার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে গোয়ালন্দগামী আপ-২৫ নকশীকাঁথা যাত্রীবাহী মেল ট্রেনটি কোটচাঁদপুর ষ্টেশনে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়েছিল। এসময় দর্শনা থেকে খুলনাগামী ডিএন-২৬ মালবাহী ট্রেনটি কোটচাঁদপুর ষ্টেশনে থামার কথা ছিল। কিন্তু ট্রেনটি না থেমে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা মারে।
দূর্ঘটনার পর প্রায় ৩ ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ের পাকশী বিভাগের ব্যবস্থাপক আনোয়ারুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন দুটোর গতি কম থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি জানান, দূর্ঘটনা কবলিত দুটি ট্রেনই গন্তব্য স্থলে রওনা হয়ে গেছে।
রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মশিউর রহমান বলেন, মালবাহী ট্রেনের চালক ঘুমিয়ে পড়ায় এ দূর্ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন এবং মালবাহী ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24