ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির টাস্কফোর্স এ পর্যন্ত ১৯৭ জনের বিরুদ্ধে ৪৫৫টি অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করেছে। আরও ২৪৭টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্র -উপদেষ্টা এমএ মতিন এ তথ্য জানিয়ে আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকারের সময়সীমার মধ্যেই এসব অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা আর যতদিন ক্ষমতায় আছি, সেই সময়ের মধ্যেই এসব অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে। কারণ অধিকাংশ মামলাই এখন বিচার অথবা তদন্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মতিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের কাজ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি টাস্কফোর্সের কার্যক্রমে সন্তুষ্ট জানিয়ে বলেন, মোট ছয় দফায় টাস্কফোর্স ১৯৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে বর্তমানে ৮০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।
তালিকাভুক্তদের মধ্যে ৪৫ জন ইতোমধ্যেই দণ্ডিত হয়েছেন। এর মধ্যে দুদকের মামলায় ১৯ জন, এনবিআর-এর মামলায় ১২ জন এবং পুলিশের মামলায় ১৪ জন দণ্ডিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মতিন এক প্রশ্নের জবাবে বলেন, "৭০টি টাস্কফোর্সের হাতে বর্তমানে প্রচুর কাজের চাপ রয়েছে। এজন্য নতুন কোন তালিকা নিয়ে আর টাস্কফোর্স কাজ করবে না। তবে গুরুতর কোন অপরাধ পাওয়া গেলে তা নিয়ে কাজ করা হবে। গুরুতর অপরাধ না হলে তা দেখার জন্য পুলিশকে দায়িত্ব দেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২৩৩৮ ঘ.
bdnews24