২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি: জাতীয় গ্রিড পাবে ২০৪ মেগাওয়াট

পাঁচটি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বুধবার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চুক্তি অনুযায়ী, এসব কেন্দ্র চার মাসের মধ্যে উৎপাদনে যাবে। জাতীয় গ্রিডে যোগ হবে মোট ২০৪ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচটি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বুধবার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চুক্তি অনুযায়ী, এসব কেন্দ্র চার মাসের মধ্যে উৎপাদনে যাবে। জাতীয় গ্রিডে যোগ হবে মোট ২০৪ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ। বুধবার ডেসা ভবনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সাতটি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুটি প্রতিষ্ঠান চুক্তিতে স্বাক্ষর করেনি। চুক্তি অনুযায়ী এনার্জি প্রিমা ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট ক্ষমতার, সিলেটের কুমারগাঁও এ ৫০ মেগাওয়াট ও শাহজীবাজারে ৫০ মেগাওয়াট এবং বগুড়ায় ২০ মেগাওয়াটের একটি করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এছাড়া কালটিমেক্স ভোলায় ৩৪ দশমিক ৫ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এগ্রিকোর খুলনায় ৪০ মেগাওয়াট এবং অলস্টম পাওয়ার ভেড়ামারায় ২০ মেগাওয়াট ক্ষমতার একটি করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তিতে স্বাক্ষর করার কথা থাকলে বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠান দুটি তা করেনি। এ বিষয়ে বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান বলেন, "সাতটি স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা হয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠান শেষ মুহূর্তে কিছু নতুন শর্ত তুলেছে। অন্য একটি প্রতিষ্ঠান বলেছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তি করবে। এ দুটো প্রতিষ্ঠানের সঙ্গে পরে আলোচনা করা হবে।" বুধবারের চুক্তি অনুযায়ী, এনার্জি প্রিমা ফেঞ্চগঞ্জে উৎপাদিত বিদ্যুৎ ৪ দশমিক ৬৫ সেন্টে, কুমারগাঁওয়ের বিদ্যুৎ ৪ দশমিক ১৪৮ সেন্টে, শাহজীবাজারের বিদ্যুৎ ৪ দশমিক ৫১৭ সেন্টে এবং বগুড়ার বিদ্যুৎ ৩ দশমিক ৬০৭ সেন্টে পিডিবির কাছে বিক্রি করবে। এ ছাড়া কালটিম্যাক্স ৫ দশমিক ১৯৮ সেন্টে ভোলায় উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম তামিম বলেন, "স্বল্প মেয়াদী প্রকল্পে খরচ বেশি হয়। তারপরও আন্তর্জাতিক দামের তুলনায় আমাদের চুক্তি খারাপ হয়নি। বিদ্যুতের অভাবে যাতে অর্থনৈতিক স্থবিরতা নেমে না আসে তা বিবেচনা করেই স্বল্প মেয়াদে চুক্তি করা হয়েছে। দীর্ঘ দিন জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হয়নি।" বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান বলেন, "নিতান্ত বাধ্য হয়েই এ চুক্তি করেছি। দাম অনেক বেশি। কিন্তু গ্রীষ্মের আগে বিদ্যুৎ পাওয়ার জন্যই এ চুক্তি করা হয়েছে। এটা সরকারে সাহসী সিদ্ধান্ত।" তিনি বলেন, চুক্তি অনুসারে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে কেন্দ্র স্থপন করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানগুলো। বিদ্যুৎ সচিব জানান, সরকার তিনটি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। তবে সমস্ত প্রক্রিয়া শেষ করে সেগুলো উৎপাদনে যেতে তিন বছর সময় লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২২৪০ ঘ.