ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি সজ্জিতকরণ ও এসআই নিয়োগসংক্রান্ত দুটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেরিতে আপিল করার ক্ষমা চেয়ে (বিলম্ব মার্জনা) আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ২৭ মার্চ এ আবেদন দুটির ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার আপিল বিভাগের চেম্বারজজ এম এ মতিনের আদালত দুদক ওই আবেদন জানায়।
বিলম্ব মার্জনার আবেদনে বলা হয়েছে, ২০০১ সালে যখন মামলা দুটি হাইকোর্ট খারিজ করে দেয় তখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাই তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো আপিল করতে পারেনি। কারণ তখন আপিল করতে হলে ব্যুরোকে প্রধামন্ত্রীর অনুমোদন নিতে হতো। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই আসামি তাই তার অনুমোদন নেয়া ব্যুরোর পক্ষে সম্ভব ছিল না। ব্যুরো তখন স্বাধীনও ছিল না।
আবেদনে আরও বলা হয়, ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হলেও সেটাও স্বাধীন ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই কমিশন স্বাধীন হয়। এ অবস্থায় আপিল দায়েরে বিলম্ব মার্জনার এ আবেদন জানানো হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বাড়ি সজ্জিতকরণ দুর্নীতি মামলা হাইকোর্ট খারিজ করে দেয় ২০০১ সালের ২৩ অক্টোবর। এরপর ২০০২ সালের ১৪ মে পুলিশের এস আই নিয়োগ দুর্নীতি মামলাটি হাইকোর্ট খারিজ করে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমলের শেষ দিকে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলা দুইটি দায়ের করেছিল।
বিলম্ব মার্জনার আবেদনের ওপর শুনানিতে দুদকের পক্ষে অ্যাডভোকেট বখতিয়ার হোসেন বলেন, "বিষয়টি জনগুরুত্বপূর্ণ। তাই দ্রুত এর ওপর শুনানি করা প্রয়োজন।"
জবাবে খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। ৭ বছর পর এ আবেদন করা হয়েছে। তাই এর শুনানি হওয়া উচিত ২০০৯ সালে।
তিনি আরও বলেন, "পলিটিকাল ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসাবে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন্য এই মামলা আপিল বিভাগে আনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24