ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বুধবার আবারও বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় না এবং রাষ্ট্রপতি হবার কোনো ইচ্ছা তার নেই। সামরিক বাহিনীর ক্ষমতা দখল গ্রহণযোগ্য নয় বলেও ইঙ্গিত দেন তিনি।
যুদ্বাপরাধীদের বিচারের পক্ষে মত দিয়ে তিনি বলেন এতদিন কেউ চায়নি বলে তা হয়নি।
চ্যানেল আই এর টক শো 'তৃতীয় মাত্রা'-য় মইন উ আহমেদ এ কথা বলেন। বুধবার এর চুম্বক অংশ প্রচার করে চ্যানেলটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ , ১৯ জানুয়ারি রাত ৭টা ৫০ এবং ২০ জানুয়ারি সকাল ৯টা ৪৫ ও রাত ১টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
পাকিস্তানের পরিস্থিতির সঙ্গে তুলনা করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সম্ভাবনা আছে কিনা এ প্রশ্ন করা হলে জেনারেল মইন বলেন, "আমি মনে করি এ রকম পরিস্থিতি ঘটেনি। বর্তমান বিশ্বে সামরিক আইন জারি কেউ মেনে নেবে না। আমরা মনে করি, এটা সঠিক না। যার যে দায়িত্ব তার সেটা পালন করা উচিত।"
নির্বাচন রোডম্যাপ মত হওয়ার ব্যাপারে তার ধারণা জানতে চাইলে সেনাপ্রধান বলেন, "আমি নিশ্চিত,সবাই মিলে চেষ্টা করলে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে এমনকি তার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।"
রায় যাই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেড়ে দেওয়া হবে- এ বক্তব্য আইনের শাসনের পরিপন্থী কিনা এ প্রশ্ন করা হলে মইন বলেন, "রায় দেবে কোর্ট। তারপরও সরকারের অধিকার আছে তাদের ক্ষমা করে দেওয়ার।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "তাদের বিচার হওয়া উচিত ছিল ৩৬ বছরে। আগের সরকার তা করেনি।
কেন করেনি? জনগণ বলেনি। ফ্রিডম ফাইটাররা বলেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২১২৬ঘ.
bdnews24