চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাটে বুধবার তিন চাঁদাবাজকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। র্যাব পরিচয়ে তারা চাঁদাবাজি করছিল স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়।
গণপিটুনিতে আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের পরিচয় পাওয়া যায়নি। মোহাম্মদ ইউসুফ নামে আহত অপর জন রয়েছেন স্থানীয় ইছাখালী হাসপাতালে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইশতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিরহাট বাজারে ইউসুফসহ আরও পাঁচ-ছয়জন নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী মোহাম্মদ কামালের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। এনিয়ে বদানুবাদ চলার সময় বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঘিরে ফেলে।
সাদা পোশাকের ওই ব্যক্তিরা র্যাব সদস্য নয়- বিষয়টি নিশ্চিত হয়ে বাজারের লোকজন তিন জনকে ধরে পিটুনি দেয় বলে ওসি ইশতেশাম জানান। ওই সময় অপর চাঁদাবাজরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে চাঁদাবাজদের উদ্ধার করে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, বিকাল পৌনে ৪টার দিকে রাঙ্গুনিয়ায় গণপিটুনিতে আহত অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৭৪৩ ঘ.
bdnews24