ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে কারাবন্দি তারেক রহমানকে শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালে নেওয়া হয়।
কড়া পুলিশ পাহারায় দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারেকের এমআরআই (ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং) করা হয়। এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার রক্ত পরীক্ষা করা হয়।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, দুপুর ৩টার দিকে তারেককে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের পুরো মেরুদণ্ডে (ঘাড়, পিঠ এবং কোমর) এমআরআই করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।
তারেক রহমান কয়েকদিন আগে আদালতে অভিযোগ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে দৈহিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করা হয়েছে।
চাঁদাবাজির একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গত ৯ জানুয়ারি তারেককে একদিনের রিমান্ডে পাঠায়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমআই/এসকে/১৯৩৬ঘ.
bdnews24