বরগুনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ বাওয়ালকর গ্রামে সাইক্লোন শেল্টারের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে গ্রামবাসী।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া দক্ষিণ বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. মোশাররফ হোসেন জানান, সাইক্লোন শেল্টার না থাকায় প্রতিটি ঝড়ের সময় তাদের গ্রামে প্রাণহানী ঘটছে। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার রাতে নিহত হয়েছে ৩৬ জন।
বদরখালী ইউনিয়নে তিনটি সাইক্লোন শেল্টার থাকলেও বাওয়ালকর এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো আশ্রয় কেন্দ্র নেই বলে জানান তিনি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলজিইডির উপজেলা প্রকৌশলীকে যাচাই করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৫৪ ঘ.
bdnews24