২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নতুন ধরনের মাদক 'টেট্রা হাইড্রো ক্যানাবিনল' উদ্ধার

ধানমন্ডির দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে টেট্রা হাইড্রো ক্যানাবিনল নামের নতুন ধরনের মাদক উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। হুক্কার মাধ্যমে এই মাদক নিতে হয়। রোববার রাতে ওই অভিযানে ৫ কেজি মাদকসহ ৩ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, ১৪ জানুয়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধানমন্ডির দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে টেট্রা হাইড্রো ক্যানাবিনল নামের নতুন ধরনের মাদক উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। হুক্কার মাধ্যমে এই মাদক নিতে হয়। রোববার রাতে ওই অভিযানে ৫ কেজি মাদকসহ ৩ জনকে আটক করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুদিন আগে আমরা খবর পাই, বাংলাদেশে নতুন এক ধরনের মাদক এসেছে। অভিজাত এলাকায় উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এ মাদকের গ্রাহক। এ খবরের ভিত্তিতে ধানমন্ডির বি-ওয়ান ফাইভ-ওয়ান লেজার হাউজ ও ডেকাগন ক্যাফে থাই রেস্টুরেন্ট থেকে আমাদের লোকজন ছদ্মবেশে অল্প পরিমাণ টেট্রা হাইড্রো ক্যানাবিনল কিনে আনে। রাসায়নিক পরীক্ষার পর এ মাদকের ধরন সম্পর্কে নিশ্চিত হই আমরা। এরপর রোববার রাতে অভিযান চালিয়ে রেস্তোরাঁ দুটি থেকে ৫ কেজি মাদক উদ্ধার করা হয়।" তিনি জানান, দুটো রেস্তোরাঁতেই বার রয়েছে। ওই বারে বসেই মাদকসেবীরা টেট্্রা হাইড্রো ক্যানাবিনল সেবন করতো। এক প্রশ্নের জবাবে সহকারি পরিচালক জানান, ১২০ কেজি গাঁজা থেকে ১ কেজি টেট্রা হাইড্রো ক্যানাবিনল তৈরি করা হয়। এ মাদক নিতে হয় হুক্কার মাধ্যমে। ৩ আঙ্গুলের এক চিমটি টেট্রা হাইড্রো ক্যানাবিনল হুক্কায় দিয়ে ৫/৬ জন একসঙ্গে পাইপের মাধ্যমে সেবন করে থাকে। ওই পরিমাণ মাদকের দাম নেওয়া হয় ৫ থেকে ৭শ' টাকা। ফজলুর রহমান বলেন, "বাংলাদেশে প্রথম বারের মত এধরনের মাদক উদ্ধার হলো। দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই মাদক বাংলাদেশে আসছে। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ধরনের মাদক রাখা অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।" রোববার রাতের অভিযানে ওই রেস্তোরাঁ দুটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. খোকন, হাবিবুর রহমান, ও মো. বায়েজিদ কাজী। ফজলুর রহমান জানান, বি-ওয়ান ফাইভ-ওয়ান লেজার হাউজের মালিকের নাম ডা. কামরুল ইসলাম। আর আনোয়ারুল হক ও সোলায়মান রশিদ নামের দুই ব্যক্তি ডেটাগন থাই রেস্টুরেন্টের মালিক। এদের গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে ধানমন্ডি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮১৭ ঘ.