ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ রেহানাকে পলাতক দেখিয়ে চাঁদাবাজি মামলার বিচার শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি সোমবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
শেখ রেহানার করা ওই রিট আবেদনের ওপর শুনানির পর বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের বেঞ্চ এই রায় দেয়।
গত বছরের ১৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালত শেখ রেহানাকে পলাতক দেখিয়ে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার শুরুর সিদ্ধান্ত নেয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে রেহানার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
সোমবার ওই রিটের ওপর শুনানিতে রেহানার আইনজীবী আজমালুল হোসেন কিউ সি আদালতকে বলেন, কোনো আসামিকে পলাতক দেখিয়ে বিচার করার ক্ষেত্রে তার ঠিকানায় সমন পাঠানো বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া এ মামলায় অনুসরণ করা হয়নি। মামলার পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রেহানা লন্ডনে থাকেন। কিন্তু তার লন্ডনের ঠিকানায় সমন পাঠানো হয়নি।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম চৌধুরী গত বছরের ১৩ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার চাচাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
গত ২৪ জুলাই দেয়া অভিযোগপত্রে হাসিনার বোন রেহানাকেও এ মামলার আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএ/১৭২০ ঘ.
bdnews24