২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতাল রেল চালুর খসড়া পরিকল্পনা অনুমোদন

ঢাকা মহানগরীসহ আশেপাশের জেলাগুলোর মধ্যে পাতাল রেল চালু এবং পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্লান (এসটিপি) এর খসড়া অনুমোদন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। সোমবার যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) গোলাম কাদেরের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই পরিকল্পনা অনুমোদন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগরীসহ আশেপাশের জেলাগুলোর মধ্যে পাতাল রেল চালু এবং পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্লান (এসটিপি) এর খসড়া অনুমোদন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। সোমবার যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) গোলাম কাদেরের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই পরিকল্পনা অনুমোদন করে। যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা শেষে উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "অনুমোদিত প্ল্যানের খসড়া আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। অনুমোদন পেলে সরকার এটা বাস্তবায়নের উদ্যোগ নেবে।" গোলাম কাদের বলেন, "এই এসটিপি বাস্তবায়নে দুই বছর সময় লাগবে। আর এতে ব্যয় হবে প্রায় ৫ বিলিয়ন ডলার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক ও জাইকাসহ দাতাসংস্থাগুলো অর্থায়নের আশ্বাস দিয়েছে।" সভায় ঢাকা মহানগরীর চারদিকে ওয়াটার সার্কুলার রোড, ৫০ টি নতুন সড়ক নির্মাণ, ইউনিফর্ম টিকেট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপদেষ্টা। যোগাযোগ উপদেষ্টা আরও জানান, ঢাকা এবং আশেপাশের শহরগুলোর জন্য পাতাল রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রায় সাড়ে ১৭ হাজার বর্গ কিলোমিটার সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে প্রায় ১২ বছর সময় লাগবে। গোলাম কাদের বলেন, এই প্রকল্পের কাজ শুরু হলে কিছু সড়ক বন্ধ হয়ে যাবে। এ কারণে যে যানজটের সৃষ্টি হবে তা নিয়ন্ত্রণের জন্য যানবাহন ব্যবস্থাপনা পরিকল্পনা নেয়া হয়েছে। প্রকল্প এলাকার কোথাও কোথাও পাতাল রেল এবং কোথাও ফ্লাইওভার নির্মাণ করা হবে। ঢাকা শহরের রেল ক্রসিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনেও সরকার একটি পরিকল্পনা হাতে নিচ্ছে বলে জানান গোলাম কাদের। সভায় উপস্থিত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম সালাউদ্দিন জানান, ঢাকা মহানগরীর সড়ক ব্যবস্থা বর্তমানে উত্তর দক্ষিণমুখী। এ কারণে পূর্ব পশ্চিমমুখী আরও ৫০টি সড়ক নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে ঢাকা নগরী আধুনিক শহরে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। সভায় যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৬৩০ঘ.