২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম সরোয়ার খানের সাভারের খনিজনগর এলাকার বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম সরোয়ার খানের সাভারের খনিজনগর এলাকার বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির লোকজন দাবি করেছে। র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা রোববার সকালে ঘটনাস্থলে যান। গৃহকর্ত্রী ইসরাত জাহান রিক্তা সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত সীমানা দেয়াল টপকে বাড়িতে ঢুকে পড়ে। গাছ বেয়ে দোতলার বেলকনিতে উঠে দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। বাড়ির সবাইকে বেঁধে লুটপাট চালিয়ে তারা চলে যায়। ডাকাতির ঘটনায় রোববার বিকালে ইসরাত সাভার থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, ডাকাতরা দুটি ক্যামেরা, চারটি মোবাইল সেট, নগদ ৩২ হাজার টাকা, ১০ হাজার মার্কিন ডলার এবং হীরা ও স্বর্ণের গহনা লুট করে। সবমিলিয়ে ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, ডাকাতির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ডাকাতদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.