২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে ডাকাতি: আরো ৫১ ভরি সোনার গহনা উদ্ধার

রাজধানীতে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার লকার ভেঙ্গে লুট হওয়া আরও ৫১ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়েছে। ওই লুটের ঘটনায় গ্রেপ্তার মাহেব আলম চৌধুরীর মিরপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ শুক্রবার এসব লুটের মাল উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার লকার ভেঙ্গে লুট হওয়া আরও ৫১ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়েছে। ওই লুটের ঘটনায় গ্রেপ্তার মাহেব আলম চৌধুরীর মিরপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ শুক্রবার এসব লুটের মাল উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ওই ডাকাতির মূল হোতা রাজা মিয়াসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রাজা মিয়া তার সহযোগী মাহেব আলম চৌধুরীর নাম জানায়। রাজার কাছ থেকে মাহেবের চেহারা ও শারীরিক বর্ণনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে গুলিস্তান থেকে মাহেবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাহেব ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে ওই ডিবি কর্মকর্তা জানান। উপ কমিশনার আসাদুজ্জামান জানান, মাহেবের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে মিরপুর ৭ নম্বর সেকশনে তার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওই বাসার মেঝে খুঁড়ে একটি প্লাস্টিকের কৌটায় রাখা বেশ কিছু সোনার গহনা উদ্ধার করা হয়। বাসার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে পাওয়া যায় একটি হীরার আংটি এবং আরো কিছু সোনার গহনা। উপ কমিশনার আসাদুজ্জামান জানান, মাহেবের বাসা থেকে মোট ৫১ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়েছে। ওই বাসা থেকে সোনালী ব্যাংক মিরপুর শাখার তিনটি চেকবইও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি মাহেবের নামে এবং বাকি দুটি তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমের নামে। আসাদুজ্জামান বলেন, "তদন্তে দেখা গেছে, একটি বিশেষ চাবি দিয়ে ব্র্যাক ব্যাংকের লকারগুলো খোলা হয়েছিল। ডাকাত দলের সঙ্গে ব্যাংক ও হোটেল নিদ মহলের কর্মচারীরা জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আরো অনেকের নাম আছে। এই ঘটনার সঙ্গে একাধিক গ্র"প জড়িত বলে মনে হচ্ছে।" গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা জানান, শ্রীনগর থেকে গ্রেপ্তার হওয়া রাজা মিয়াই ওই ডাকাত দলের নেতা। সে খুবই ধূর্ত। এর আগে বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত থাকলেও কখনো ধরা পড়েনি সে। এ কারণে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগও নেই। মুন্সীগঞ্জে সে একটি বিলাসবহুল বাড়ির মালিক। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, "ব্র্যাক ব্যাংক ডাকাতির ঘটনার মোট নয়জন ডাকাত জড়িত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচজনকে গ্রেপ্তারের জন্যও অভিযান চলছে।" এর আগে গোয়েন্দা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার মুন্সীগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজা মিয়া, মজনু ও ময়নাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মজনু ময়নার ভাই, রাজা মিয়া তাদের ছোট বোনের স্বামী। তাদের কাছ থেকে ১৪১ ভরি সোনার গহনা, ১৩ ভরি রূপা, তিনটি হীরার আংটি, এক টুকরো হীরা, নগদ তিন লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। ৫ জানুয়ারি রাতে ডাকাতরা হোটেল নিদ মহলের তৃতীয় তলার একটি কক্ষের মেঝে কেটে দোতলায় ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার স্ট্রং রুমে ঢোকে। তারা ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/জিএনএ/২১০০ ঘ.