২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় বার্ড ফ্লু আক্রান্ত ১৩'শ হাঁস-মুরগি নিধন

কুলাউড়া উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর একটি খামারের আট'শ মুরগিসহ আশপাশের এলাকার ১৩শ' হাঁস-মুরগি বৃহস্পতিবার গভীর রাতে নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

মৌলভীবাজার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুলাউড়া উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর একটি খামারের আট'শ মুরগিসহ আশপাশের এলাকার ১৩শ' হাঁস-মুরগি বৃহস্পতিবার গভীর রাতে নিধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু বা 'এভিয়েশন ইনফ্লুয়েঞ্জা এইচ-৫' আক্রান্ত ১৩শ' হাঁস-মুরগি রাত ১ টার দিকে নিধন করে মাটিতে পূঁতে ফেলা হয়। এর আগে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা মুরগি খামার জীবন পোলট্রি ফার্ম ও তার আশপাশের এক কিলোমিটার এলাকার বিভিন্ন বাড়ি থেকে বার্ড ফ্লু আক্রান্ত হাঁস-মুরগি আটক করা হয়। নিধন করা হাঁস-মুরগির মধ্যে জীবন পোলট্রি ফার্মের সাড়ে ৮শ' মুরগি ছিল। ডা. নুরুল ইসলাম ছাড়াও অভিযানে অংশ নেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ও যৌথ বাহিনীর সদস্যরা। কুলাউড়া পশুসম্পদ বিভাগ জানায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের নজরুল ইসলামের মালিকানাধীন জীবন পোলট্রি ফার্মে গত ৫ জানুয়ারি পাঁচ শতাধিক মুরগির বাচ্চা রোগাক্রান্ত হয়। পরদিন পোলট্রি ফার্মের মালিক রোগাক্রান্ত কয়েকটি বাচ্চা উপজেলা পশুসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসায় রোগ না সারায় এগুলো বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকদের সন্দেহ হয়। পরে রোগ নির্ণয়ের জন্য ৭ জানুয়ারি কয়েকটি মুরগির বাচ্চা সিলেট পশুসম্পদ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বার্ড ফ্লুর লক্ষণ ধরা পড়ে। নিশ্চিত হওয়ার জন্য ৮ জানুয়ারি মুরগির বাচ্চাগুলো সাভার পশুসম্পদ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। মুরগির বাচ্চাগুলো 'এভিয়েশন ইনফ্লুয়েঞ্জা এইচ-৫' আক্রান্ত বলে ১০ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে রিপোর্ট পাঠানো হয়। জীবন পোলট্রি ফার্মের মালিক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে তিনি কুলাউড়া পৌর শহরের ব্রাদার্স পোলট্রি ফার্ম থেকে একদিন বয়সী এক হাজার বাচ্চা কিনেন। পর দিন থেকে এক এক করে বাচ্চাগুলো রোগাক্রান্ত হতে থাকে। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও কুলাউড়া উপজেলায় পাঁচ শতাধিক মুরগির খামার রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.