২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত কাজে চট্টগ্রামে দুই উপদেষ্টা

নবনিযুক্ত দুই উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এ এফ হাসান আরিফ ব্যক্তিগত সফরে শুক্রবার চট্টগ্রাম আসেন। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সড়ক পথে বিকালে চট্টগ্রাম পৌঁছান। সিটি গেট এলাকায় তার সম্মানে অনাড়ম্বর সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত দুই উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এ এফ হাসান আরিফ ব্যক্তিগত সফরে শুক্রবার চট্টগ্রাম আসেন। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সড়ক পথে বিকালে চট্টগ্রাম পৌঁছান। সিটি গেট এলাকায় তার সম্মানে অনাড়ম্বর সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। চট্টগ্রামে জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান সংবর্ধনার জবাবে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, "স্বল্প সময়ের জন্য যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে তা পালনে সর্বাত্মক চেষ্টা করব। এই আয়োজনে যে আনন্দ আমি পেয়েছি তা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।" উপদেষ্টা জিল্লুর রহমান সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাকেই তার বড় দায়িত্ব বলে মনে করেন। তিনি বলেন, এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। উপদেষ্টা বলেন, এজন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। শিগগির তিনি আনুষ্ঠানিক সফরে এসে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবেন। জিল্লুর রহমান বলেন, চট্টগ্রামের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানোর জন্য সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্ব যাতে আরও বাড়ে এবং আরও বেশি কার্যকর হয় সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন। চট্টগ্রামকে অপার সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানীর ঘোষণা যাতে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয় সেজন্য তিনি চেষ্টা করবেন। সংবর্ধনা শেষে উপদেষ্টা সরাসরি তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকলে যান। সেখানে বাবার কবর জিয়ারত করার পর রাতে নগরীতে তার পারিবারিক বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে। অপরদিকে, আইন, সংসদ বিষয়ক ও ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিকালে বিমানে চট্টগ্রামে পৌঁছান বলে জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। জেলা প্রশাসক জানান, সেখান থেকে তিনি নগরীর কাতালগঞ্জ এলাকায় তার মায়ের কবর জিয়ারত করেন। তিনি জানান, আইন উপদেষ্টা রাতেই ঢাকায় ফিরে যাবেন। প্রায় এক দশক আগে আইন উপদেষ্টার মা কাতালগঞ্জে তার বড় বোনের বাসায় বেড়াতে এসে মারা যান। তাকে এখানেই দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮১৮ ঘ.