সাভার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের নতুন পাঁচ উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
বেলা ১২টা ৩৭ মিনিটে নতুন উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, ড. এ এম এম শওকত আলী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের ও রাশেদা কে চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। ১২টা ৪১ মিনিটে ৫ উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক কামাল উদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান ভূঁইয়া, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া, জাতীয় স্মৃতি সৌধের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ।
উপদেষ্টারা পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে নতুন পাঁচ উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, "নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশনারকে আমাদের সহযোগিতা করতে হবে।"
বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "মাঠ বাস্তবতার নিরিখে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেব। স্পর্শকাতর বিষয়ে জনগণের জন্য যা করণীয় তাই করব।"
স্বাস্থ্য ও খাদ্য উপদেষ্টা ড. এম এম শওকত আলী বলেন, "অ্যাডভাইজার আর মন্ত্রী যেই হোক সবাইকেই জবাবদিহিতা করতে হয়।"
যোগাযোগ ও গৃহায়ণ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব। ঢাকা শহরের যানজট দূর করব। আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দ্রব্যমূল্য বেড়ে গেছে। তা নিয়ন্ত্রণে আনতে হবে।"
মহিলা ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "এখন আমার খুব ভাল লাগছে। আশা করি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24