ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ঊর্ধ্বতন উপ-সহকারি প্রশাসক মার্ক ওয়ার্ড শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।
বৃহস্পতিবার ইউএসএআইডি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে ওয়ার্ডের। তিনি মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় ইউএসএআইডি কর্মসূচিগুলোর প্রধান।
ওয়ার্ড ইউএসএআইডি'র সুনামি টাস্ক ফোর্স এবং দক্ষিণ এশিয়ায় ভূমিকম্প টাস্ক ফোর্স-এর চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সফরে তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জে সিডর আক্রান্ত গ্রামগুলো পরিদর্শন করবেন। ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় সম্ভাব্য পুনর্গঠন ও পুনর্বাসন তৎপরতা এবং খাদ্য সহায়তা নিয়ে আলোচনা করতে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।
ইউএসএআইডি যুক্তরাষ্ট্র সরকারের প্রধান সংস্থা, যা সারা বিশ্বের ১০০টির বেশি দেশে উন্নয়ন সহায়তা প্রদান করে থাকে। ১৯৭১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশকে ৫০০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।
২০০৭ সালে বাংলাদেশকে ৭ কোটি ৮০ লাখ ডলার উন্নয়ন সহায়তা ও খাদ্য সাহায্য দিয়েছে ইউএসএআইডি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/১৯৪৮ ঘ.
bdnews24