ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের প্রেস ফটোগ্রাফার ও দৈনিক ইত্তেফাকের প্রধান আলোকচিত্রী সাংবাদিক মোহাম্মদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শনের পর বৃহস্পতিবার বিকেলে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
বুধবার গভীর রাতে মোহাম্মদ আলম মাতুয়াইলের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বারডেম কাডির্য়াক সেন্টারে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রবীন এই সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। আলোকচিত্রী সাংবাদিকসহ অনেক রিপোর্টার মরহুমের খোঁজ নিতে জাতীয় প্রেসক্লাবে ছুটে আসে।
বৃহস্পতিবার সকালে মাতুয়াইলে প্রথম জানাজার পর জাতীয় প্রেসক্লাবে দুই দফা জানাজা হয়। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ, মনোয়ার আহমদ, আলহাজ্ব জহিরুল হক, কামারুজ্জামানসহ বিভিন্ন পত্রিকা সম্পাদক , রাজনীতিবিদ, রিপোর্টার ও ফটোগ্রাফাররা অংশ নেন। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে।
মোহাম্মদ আলম স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৬৮ সালে দৈনিক আজাদে মোহাম্মদ আলমের কর্মজীবনের শুরু। ৬৯ সালে গণঅভ্যুত্থানের ছবি তুলে মোহাম্মদ আলম রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি কলকাতায় প্রবাসী মুজিব নগর সরকারের প্রেস ফটোগ্রাফার হিসেবে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যুদ্ধেও অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস ফটোগ্রাফার ছিলেন। ৭৫ এর ১৫ আগস্টের ঘটনার পর তিনি তথ্য অধিদপ্তরের চাকরি ছেড়ে দিয়ে দৈনিক সংবাদে যোগ দেন। পরবর্তী সময়ে মোহাম্মদ আলম দৈনিক ইত্তেফাকে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ আলম দীর্ঘ ৩৭ বছরেও কোনো রাষ্ট্রীয় সম্মান পাননি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ এক শোক বাণীতে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জিএনএ/১৮৫৭ ঘ.
bdnews24