২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ায় সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিনের সাত বছরের কারাদণ্ড

এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি জি কিউ বলপেন ইন্ড্রাস্ট্রির মালিক সাবেক সাংসদ কাজী সালিমুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি জি কিউ বলপেন ইন্ড্রাস্ট্রির মালিক সাবেক সাংসদ কাজী সালিমুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘুষের এক কোটি টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার আদেশও দেয় আদালত। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন। আসামির আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কর্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। সালাউদ্দিন আটক থাকলেও এ মামলার অপর আসামি সালিমুল হক পলাতক ছিলেন। গত ৬ ফেব্র"য়ারি গুলশানের 'ন্যাম ভিলা' থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ২৯ মে শাহবাগ থানায় ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম সালাউদ্দিন আহমেদ ও সালিমুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের ১৪ ফেব্র"য়ারি এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন। তবে ওই ঘুষের টাকা লেনদেন হয় সালিমুল হকের ব্যাংক হিসাবের মাধ্যমে। মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে গত ২৭ আগস্ট সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাত বছর এবং এ কাজে সহযোগিতার দায়ে তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১২৫৭ ঘ.