২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত একটি করে মন্ত্রণালয় পেলেন একেক উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের সব সদস্যের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে বৃহস্পতিবার। প্রত্যেককে আপাতত একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্ত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ দায়িত্ব বন্টন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 05:34 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --উপদেষ্টা পরিষদের সব সদস্যের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে বৃহস্পতিবার। প্রত্যেককে আপাতত একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্ত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ দায়িত্ব বন্টন করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, " আগামী দুই একদিনের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 'স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার' নিয়োগ করার পরপরই উপদেষ্টাদের অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।" প্রেস সচিব বুধবার রাতে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক হিসেবে ছয় থেকে সাত জন ব্যক্তিকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। সৈয়দ ফাহিম মুনেম জানান, বন্টনকৃত দপ্তরগুলো হচ্ছে : হাসান আরিফ আইন বিচার ও সংসদ, মে জে (অবঃ) গোলাম কাদের যোগাযোগ, হোসেন জিল্লুর রহমান শিক্ষা , রাশেদা কে চৌধুরী প্রাথমিক ও গণশিক্ষা, এ এম এম শওকত আলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,সিএস করিম কৃষি, ইফতেখার আহমেদ চৌধুরী পররাষ্ট্র, এবি মির্জ্জা আজিজুল ইসলাম অর্থ, মে. জে. এম এ মতিন নৌ পরিবহন ,মো.আনোয়ারুল ইকবাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়। পুরনো পাঁচ উপদেষ্টাকে দেওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তারা আগে থেকেই পালন করছিলেন। মঙ্গলবার ব্যারিস্টার মইনুল হোসেন, তপন চৌধুরী, মেজর জেনারেল (অবঃ) এএসএম মতিউর রহমান এবং গীতি আরা সাফিয়া চৌধুরী উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে আইন বিচার ও সংসদ,তথ্য, গৃহায়ন ও গণপূর্ত,ভূমি; বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,পানি সম্পদ,ধমর্; শিল্প ,বস্ত্র ও পাট ,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়। এর আগে ২৬ ডিসেম্বর আইয়ুব কাদরী পদত্যাগ করায় শিক্ষা মন্ত্রণালয় , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়। তবে এ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে রাখা হয়। বুধবার রাতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নতুন পাঁচ জনকে শপথ করান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। নতুন ৫ উপদেষ্টা হলেন: অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, সাবেক সচিব এ এম এম শওকত আলী, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, এডাব-এর সাবেক পরিচালক ও এনজিও কর্মকর্তা রাশেদা কে চৌধুরী এবং চারদলীয় জোট সরকার আমলের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সৈয়দ ফাহিম মুনেম আরো জানান, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর পরই নতুন ৫ উপদেষ্টা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে নতুন পাঁচ উপদেষ্টার নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে কাজে যোগ দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/১৩৪৮ঘ.