সিলেট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর সিলেট আঞ্চলিক অফিসের আলোকচিত্রী নাজমুল কবীর পাভেলকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার রাত ১২টার দিকে পাভেলকে আটক করে যৌথবাহিনী। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। ওইদিন দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার পাভেলকে আদালতে পাঠানো হয়।
পাভেলকে সিলেটের বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানান। বিচারক রফিকুল আলম সে আবেদন নাকচ করে পাভেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ভার্থখলার মাছ বিক্রেতা আব্দুল মালেকের দায়ের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাভেলকে আদালতে চালান দেওয়া হয়।
আব্দুল মালেক মঙ্গলবার মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, পাভেল গত ২৯ ডিসেম্বর দক্ষিণ সুরমার রেল গেইট এলাকায় গিয়ে বাদির চাঁদা দাবি করে। নিয়মিত চাঁদা না দিলে যৌথবাহিনী বা পুলিশ দিয়ে বাদিকে হয়রানির হুমকি দেয়।
এজাহারে উল্লেখ করা হয়, আব্দুল মালেক এক সময় নগরীর ধোপাদীঘির পাড় এলাকার হোটেল পানামায় বয় হিসেবে চাকরি করতেন। ওই সময় পাভেল হোটেল পানামা থেকে নিয়মিত চাঁদা নিতো। ওই হোটেল বন্ধ হয়ে যাওয়ার পর বাদি এখন মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.
bdnews24