২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিসেচে বিদ্যুৎ দিতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

আগামী বোরো মৌসুমে চাষীদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ঢাকাসহ সারাদেশে রাত ৮টার পর সকল দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বোরো মৌসুমে চাষীদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ঢাকাসহ সারাদেশে রাত ৮টার পর সকল দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী এবং কৃষি উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম (সি এস করিম) সাংবাদিকদের এ কথা জানান। ড. সিএস করিম বলেন, "দেশে বর্তমানে ১৩ লাখ সেচ পাম্প আছে। এর মধ্যে ২০ শতাংশ অর্থাৎ আড়াই লাখ বিদ্যুৎ চালিত। বাকি পাম্পগুলো ডিজেল চালিত। ডিজেল চালিত পাম্প সচল রাখতেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "বোরো চাষকে সরকার সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই বোরো মৌসুমে সেচ যন্ত্রের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেচযন্ত্র চালাতে বর্তমানে বিদ্যুতের চাহিদা আটশ থেকে এক হাজার মেগাওয়াট। দোকানপাটে বিদ্যুৎ সাশ্রয় ছাড়াও আগামী ১৬ জানুয়ারি থেকে লোড ব্যবস্থাপনা করা হবে। লোড ব্যবস্থাপনার মাধ্যমে তিনশ থেকে সাড়ে ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে।" এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন (বিএইসি) ও মৎস্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। দুই উপদেষ্টার উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া ও অধিদপ্তরের মহাপরিচালক মোকাম্মেল হোসেন। চুক্তির আওতায় আণবিক শক্তি কমিশন তাদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে মৎস্য অধিদপ্তরকে সহায়তা করবে। বিশেষ করে মৎস্য রপ্তানি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অধিদপ্তর সহায়তা পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৯৩২ঘ.