চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পৃথক দুটি স্থান থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা এবং বিকালে আগ্রাবাদ হাজীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
র্যাব সূত্র জানায়, পতেঙ্গা এলাকায় ভিওআইপি সরঞ্জাম বিক্রি হবে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পতেঙ্গা সৈকতের কাকড়া বেড়ি বাধ এলাকায় ওঁৎ পেতে থাকে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা দুটি চটের বস্তায় মোড়ানো সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।
দুটি অভিযানেই নেতৃত্ব দেন র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম।
তিনি জানান, র্যাব সদস্যরা পতেঙ্গা বেড়ি বাধে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ১১টি কোয়ান্টাম, ২টি আইপিএস, ৬৫টি হাওয়াই ও ৮টি ডাউটেল সেটসহ মোট ১০৬টি টেলুলার সেট, ১৯টি বিভিন্ন ধরনের চার্জার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
শরিফুল ইসলাম জানান, বিকাল সোয়া ৪টার দিকে আগ্রাবাদে হাজীপাড়া সেঞ্চুরী মার্কেটের পিছনে একটি আধাপাকা বাসায় অভিযান চালিয়ে আরও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বাসার একটি কক্ষ থেকে র্যাব সদস্যরা একটি সিপিইউ, একটি মনিটর, ৩২টি টেলুলার সেট, একটি দামি মেইন সুইচ, দুটি গেটওয়ে, দুটি আইপিএস, ৪টি ব্যাটারি এবং ২ বস্তা তার ও এন্টেনাসহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে।
তিনি জানান, র্যাবের কাছে সংবাদ ছিল এ বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে অবৈধভাবে ভিওআইপি ফোন কল করা হতো।
র্যাব কর্মকর্তা জানান, দুটি ঘটনায় জড়িত ব্যবসায়ীদের ধরার চেষ্টা চলছে এবং উদ্ধার করা মালামাল হস্তান্তরের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
র্যাব-৭ এর অপর একটি দল কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ রহমত উল্লাহ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে র্যাবের কক্সবাজারের একটি দল সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রমহত উল্লাহ দীর্ঘদিন ধরে কক্সবাজার সৈকত এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24