কক্সবাজার, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলায় ডুলাহাজারা ইউনিয়নের মগছড়াঝুম নাথ পাড়ায় রোববার জগধাত্রী মন্দিরে ঢুকে দুর্বৃত্তরা দু'টি প্রতিমা ভাঙচুর করে বিভিন্ন অংশ নিয়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই রাতে কে বা কারা স্থানীয় জগধাত্রী মন্দিরে ঢুকে জগধাত্রী প্রতিমার গলাসহ মাথা ও সরস্বতী প্রতিমার দুই হাত ভেঙ্গে নিয়ে যায়।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সিদ্দিকী সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির উপদেষ্টা সন্তোষ কুমার সুশীল বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বাস করছেন। হঠাৎ করে এ ধরনের ঘটনায় তারা শঙ্কিত। তিনি দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানান।
চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. তেজেন্দ্র লাল সূশীল ও সাধারণ সম্পাদক ডা. তেজেন্দ্র লাল দে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম জানান, প্রতিমা ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ছিদ্দিকী আরও জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24