চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোমিন রোড এলাকা থেকে সোমবার একটি মাইক্রোবাসসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- জাহাঙ্গীর আলম হিরো (২৭), খোরশেদ আলম (২৪), আব্দুর রাজ্জাক (২৩), মো. শুক্কুর (২২) ও কবির আহমদ (২০)।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের একটি দল বিকেল সাড়ে তিনটার দিকে মোমিন রোড ব্রাক ব্যাংকের কাছ থেকে মাইক্রোবাসে অবস্থানরত এ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। এ সময় মাইক্রোবাস তল্লাশি করে চারটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি জানান, সাদা পোশাকে র্যাবের একটি দল ব্যবসায়ী সেজে ব্যাংকের আশপাশে অবস্থান করছিল। সোর্সের মাধ্যমে এ চক্রটির দলনেতা জাহাঙ্গীর আলম হিরোর কাছে সংবাদ দেয়া হয় ব্রাক ব্যাংক থেকে একজন ব্যবসায়ী দশ লাখ টাকা নিয়ে বিকেলে বের হবে। এরপর দলটি ছিনতাই করার উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়ে সেখানে অবস্থান নেয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানান শরিফুল ইসলাম।
রোববার দুপুরে মোমিন রোডের ব্র্যাক ব্যাংক থেকে বাসায় যাওয়ার সময় এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24