চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. রুহুল আমীন সোমবার সকালে চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শন করেছেন।
সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান বিচারপতি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম, চট্টগ্রাম জেলা মুখ্য বিচার বিভাগীয় হাকিম, মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন করেন।
তিনি আদালতের এজলাসে বসে বিচার কাজ প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট বিচারকদের সঙ্গে বিচার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী এসময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এই প্রথম প্রধান বিচারপতি চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শন করলেন।
প্রধান বিচারপতি বিকাল পাঁচটায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও মহানগর জজদের নিয়ে সভা করবেন।
এছাড়া সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৩৮ ঘ.
bdnews24