চুয়াডাঙ্গা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় রোববার রাতে বোমা হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
আহতের নাম আব্দুল হালিম। তার বাড়ি কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামে। স্থানীয় দশ মাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে তার ওপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
হালিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে হালিমের ওপর বোমা হামলা হয়। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, "হামলাকারীর কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। হামলার কারণও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"
হালিম কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলামের ছোট ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২০৯ ঘ.
bdnews24