২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গণপিটুনিতে ডাকাত নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজারে শনিবার ভোররাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে আরো দুই ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঝিনাইদহ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজারে শনিবার ভোররাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে আরো দুই ডাকাত। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার জানান, রাত ২টার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত সবদারপুর বাজারে হানা দেয়। ওই সময় বাজারের নৈশ প্রহরীরা চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। ওই সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে। ওই সময় গণপিটুনিতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বাকি দুই ডাকাতকে গ্রেপ্তার করে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। গ্রেপ্তারকৃত দুই জন ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত দুজনের নাম হানিফ ও জাহাঙ্গীর বলে তারা পুলিশকে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৪ ঘ.