২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পুলিশের ছিনতাই হওয়া পিস্তল চার দিনেও উদ্ধার হয়নি

নীলফামারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শকের কাছ থেকে ছিনিয়ে নেয়া পিস্তলটি চার দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ কোন তথ্য পায়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

নীলফামারী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শকের কাছ থেকে ছিনিয়ে নেয়া পিস্তলটি চার দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ কোন তথ্য পায়নি পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে সদর উপজেলার ধোরাধোরায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূর আলমকে পিটিয়ে গুরুতর জখম করে এবং আট রাউন্ড গুলিসহ তার পিস্তলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে তাকে ১ জানুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিস্তল ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের হুগুলিপাড়ার উমাল উদ্দীনের ছেলে আজিজুল ইসলাম (৩৫), সংগলশী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে নুর আলম (২৮) ও দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকার কেরামত আলীর ছেলে রব্বানী (২৪), সৈয়দপুর খোর্দ বোতলাগাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে রাজু মিয়া (৩০), কুন্দল পশ্চিমপাড়ার আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার আমিনুল হক লেবুর ছেলে শাহিনুর আলম সানুকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "এদের মধ্যে তিনজনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিঞ্জাসাবাদ করে তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে অপর একটি সুত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত পিস্তলটি উদ্ধার ও মূল অপরাধীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.