২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জানুয়ারিতে হালখাতার ধুম

জেলার বিভিন্ন স্থানে এখন জানুয়ারিতেই হালখাতার আয়োজন করছেন ব্যবসায়ীরা। বছরের পর বছর পাওনা আদায় ও ক্রেতাদের সঙ্গে আন্তরিকতা বাড়াতে বাংলা নববর্ষের প্রথমদিনটিতে হালখাতার আয়োজন করতেন ব্যবসায়ীরা। কিন্তু গত কয়েকবছর থেকে আমন মৌসুম অর্থাৎ ইংরেজি নববর্ষে হালখাতা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

পঞ্চগড়, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বিভিন্ন স্থানে এখন জানুয়ারিতেই হালখাতার আয়োজন করছেন ব্যবসায়ীরা। বছরের পর বছর পাওনা আদায় ও ক্রেতাদের সঙ্গে আন্তরিকতা বাড়াতে বাংলা নববর্ষের প্রথমদিনটিতে হালখাতার আয়োজন করতেন ব্যবসায়ীরা। কিন্তু গত কয়েকবছর থেকে আমন মৌসুম অর্থাৎ ইংরেজি নববর্ষে হালখাতা করছেন তারা। সদর উপজেলার বলিয়া পাড়া এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম হালখাতা করেছেন দুদিন আগে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অঞ্চলের অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল। নভেম্বরের মাঝামাঝি কৃষকরা আমন ধান কাটা শুরু করেন। মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ তাদের গোলায় ধান উঠে যায়। ধান বিক্রি করার সুবাদে তাদের হাতে টাকাও থাকে। তাই এ সময় হালখাতা করলে পাওনা আদায় করা অনেক সহজ হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালখাতা আয়োজনের কিছু অলিখিত নিয়ম-কানুন অনেকে মেনে চলেন। যেমন- শহরের বড় ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করতে হাট বাজার ও গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা আগে হালখাতা করেন। তাদের হালখাতা শেষ হলে শুরু করেন শহরের বড় ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই কার্ড দিয়ে হালখাতার নিমন্ত্রণ করেন। সে কারণে প্রায় একমাস ধরে শহরের স্ক্রিন প্রিন্টের প্রতিষ্ঠান ও ছাপাখানাগুলো হালখাতার কার্ড ছাপাতে ব্যস্ত। অনেক ছাপাখানায় রাতেও কাজ চলছে। শহরের বকুলতলা রোডের তৌহিদ প্রেস নামের একটি ছাপাখানার কর্মী শাহিন ও শাহ আলম জানান, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি হালখাতার কার্ডের অর্ডার পাওয়া যাচ্ছে। এসব কার্ডের বেশির ভাগই নিচ্ছেন গ্রামাঞ্চলের হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগে হালখাতার আয়োজনে থাকতো মিষ্টি জাতীয় খাবার। বর্তমানে খাবারেও ভিন্নতা এসেছে। এখন মিষ্টিজাত খাবারের পাশাপাশি থাকছে মাংস-ভাত, বিরিয়ানি। এ ব্যাপারে শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও পঞ্চগড় চেম্বারের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান শেখ জানান, ক্রেতারা অনেকটা আশা করেন, হালখাতায় ভালো খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখবে ব্যবসায়ীরা। অনেক সময় এমন আয়োজন ক্রেতাদের ধরে রাখতেও সাহায্য করে। তার মতে, এটাও এক ধরনের ব্যবসায়িক কৌশল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.