চট্টগ্রাম, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে চালের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেল, আটা ও ময়দা এবং গুড়ো দুধের দাম।
তবে গত সপ্তাহ জুড়ে চালের দাম যে গতিতে বাড়ছিল সেটা থমকে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে দাম কিছুটা কমায় খুচরা বাজারেও কেজিপ্রতি এক টাকা কমেছে।
নিত্য প্রয়োজনীয় এসব ভোগ্যপণ্যের দাম বাড়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ক্রেতাদের জন্য আপাতত দাম কমার কোন সুখবর নেই।
নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে দাম কমায় শুক্রবার খুচরা বাজারে কেজিপ্রতি চালের দাম এক টাকা কমেছে।
বিক্রেতারা জানান, বৃহস্পতিবার থেকে পাইকারি বাজারে চালের দাম মণ প্রতি ৩৮/৪০ টাকা কমেছে।
শুক্রবার নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউড়ীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে ৩৩ টাকা দরে। বুধবার ৩৪ টাকা ছিল বলে জানান দোকানিরা।
এছাড়া, কেজি প্রতি এক টাকা কমে পাইজাম ৩৬ টাকা, দিনাজপুরী পাইজাম ৩৮ ও ৪০ টাকা এবং চিনিগুঁড়া চাল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারের দোকানদার মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্মা থেকে চাল আসায় আগামী চার-পাঁচ দিন দাম বাড়ার সম্ভাবনা নেই। তবে আমদানি না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বিক্রেতারা জানান, ঈদের পর থেকে খুচরা বাজারগুলোতে প্রকার ভেদে চালের দাম প্রতিকেজিতে আট টাকা পর্যন্ত বেড়েছিল।
চালের দামের সঙ্গে প্রতিদিনই বাড়ছে খুচরা ও প্যাকেটজাত সয়াবিন তেলের দাম। ১৫ দিনের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম বেড়েছে ৮ টাকা। আর ৯০০ মিলি'র প্রতি জারে দাম ৬ টাকা বেড়ে কোম্পানিভেদে ৯৬ থেকে ৯৮ টাকা এবং ৫ লিটারের জার ৩৫ থেকে ৪০ টাকা বেড়ে ৪৮৫ থেকে ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাম অয়েল কেজিতে চার টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮৪ টাকায়।
রেয়াজুদ্দিন বাজারে আসা পাথরঘাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের ওঠানামায় হতাশা ব্যক্ত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সময় সবজির দাম বেশি থাকে তো বেড়ে যায় চালের দাম। এ ওঠানামার মধ্যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের ত্রাহি ত্রাহি অবস্থা।"
তিনি বলেন, সবজির দাম কমে আসলেও চাল, সয়াবিন তেল ও আটা-ময়দার দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের অস্বস্তি দূর হচ্ছে না কোনভাবেই।
বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত গুঁেড়া দুধ এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে দাম বেড়েছে। 'ডানো' প্রতি কেজি ৫০০ টাকা, 'মার্কস' ৪৯০, 'ডিপ্লোমা' ৫১০ এবং 'কোয়ালিটি' ৪৯৫ টাকায় বিক্রি হয়েছে। অথচ সাতদিন আগেও ডানো এক কেজির প্যাকেট ৪৮০ টাকা এবং ডিপ্লোমা ৪৮৫ টাকায় বিক্রি হয়।
অপরদিকে, সাতদিনের ব্যবধানে আটা ও ময়দার দাম প্রতি কেজিতে ২/৩ টাকা করে বেড়েছে। প্রায় সব খুচরা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত ময়দা ৪০ থেকে ৪২ টাকা এবং আটা ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোগ্যপণ্যের দাম বাড়তির দিকে হলেও বাজারে সবজির দাম ছিল সহনীয়। পর্যাপ্ত সরবরাহের কারণে দাম অনেক কম বলে জানালেন বিক্রেতারা ।
খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পেয়াঁজ ১৫ টাকা, নতুন আলু প্রতি কেজি ১৬ টাকা, টমেটো মানভেদে ১৬ থেকে ২০ টাকা, বেগুন ১৪ থেকে ১৬ টাকা, ফুলকপি ১৬ থেকে ১৮ টাকা, বাঁধাকপি ৬ টাকা, মুলা কেজিপ্রতি ৮ টাকা, শিম মানভেদে ১৬ থেকে ১৮ টাকা, করলা ২৬ টাকা, পেঁপে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24